blog-img
একটি আসনও পায়নি জাতীয় পার্টি
20 hours ago
3.9 K Views
0 comments
এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিয়ে একটিতেও জিততে পারেনি জাতীয় পার্টি (জাপা)। এমনকি প্রতিদ্বন্দ্বিতায়ও আসতে পারেনি কোনো আসনেই। জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের নিজ আসনে হয়েছেন তৃতীয় এবং মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী হারিয়েছেন জামানত। সব মিলিয়ে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে এরশাদের জাতীয় পার্টি। বিশেষ করে জাতীয় পার্টির ‘দুর্গ’ হিসেবে পরিচিত রংপুর। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আদি নিবাস রংপুর শহরে হওয়ায় এ অঞ্চলটি বরাবরই লাঙ্গলের শক্তিশালী ভোটব্যাংক হিসেবে পরিচিত ছিল। তবে এবারের নির্বাচনে সেখানে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। চার দশকের ইতিহাসে এই প্রথম কোনো আসনেই জয়লাভ করতে পারেননি লাঙ্গলের প্রার্থী। প্রতিষ্ঠালগ্ন থেকে সংসদ নির্বাচনে এমন নজিরবিহীন ভরাডুবির মুখে আর কখনো পড়তে হয়নি জাতীয় পার্টিকে। রংপুরের আসনগুলোর ফলাফল বিশ্লেষণে দেখা যায়- রংপুর-১ আসনে জামায়াতের রায়হান সিরাজী ১ লাখ ৭৪ হাজার ২৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকারম হোসেন সুজন পেয়েছেন ৬৯ হাজার ১৩১ ভোট। রংপুর-২ আসনে জামায়াতের এ টি এম আজহারুল ইসলাম ১ লাখ ৩৫ হাজার ৫৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৮০ হাজার ৫৩৮ ভোট। রংপুর-৩ আসনে জামায়াতের মাহবুবার রহমান বেলাল ১ লাখ ৭৫ হাজার ৮২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুজ্জামান সামু পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট। এ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ৪৩ হাজার ৩৮৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। জেতেনি আরও ৪১ দল : এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টি জাপাসহ ৪২ রাজনৈতিক দলের কোনো প্রার্থী বিজয়ী হতে পারেনি। নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল এবারের নির্বাচনে অংশ নেয়। মাত্র ৯টি দলের প্রার্থীরা সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছেন।

Comments 0

Your Comment