৬১ জনের ৪৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
1 hour ago
3.1 K
Views
0
like
share
অনলাইনে ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয়, গেমিং, বেটিংসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে ৬১ জন ব্যক্তি এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সিআইডির পক্ষে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশনস অ্যান্ড অপারেশনস, সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) সুমন কুমার সাহা অভিযোগ সংশ্লিষ্টদের এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারিত হয়ে পাঁটি হিসাবে মোট ৫১ লাখ ১২ হাজার টাকা নগদ জমা দেন বলে অভিযোগ পাওয়া যায়। সংশ্লিষ্ট অর্থের সঙ্গে জড়িত এস এম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদার ও সংশ্লিষ্ট ৬১ জন ব্যক্তি এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকগুলোতে পরিচালিত মোট ৫৯৫টি হিসাবে মোট প্রায় ১ হাজার ২১২ কোটি টাকা জমা এবং ১ হাজার ২০৭ কোটি টাকা উত্তোলন করার নজির পরিলক্ষিত হয়। আরও বলা হয়, লেনদেন পর্যালোচনায় হিসাবগুলোতে সংঘটিত লেনদেনের সঙ্গে সম্পৃক্ত অপরাধ, প্রতারণা, অনলাইন গেমিং, বেটিং বা সাইবার স্পেসে জুয়া, হুন্ডি বা দেশি ও বিদেশি মুদ্রা পাচার, ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয়, শুল্ক ফাঁকির সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এ কারণে তাদের ব্যাংকের হিসাবগুলোর অর্থ অবরুদ্ধ করা প্রয়োজন।