মার্কিন ট্রেজারিকে টপকে বিশ্বের প্রধান রিজার্ভ সম্পদ এখন স্বর্ণ
14 hours ago
4.5 K
Views
0
like
share
বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা খেলো মার্কিন ট্রেজারি তথা যুক্তরাষ্ট্রের সরকারি বন্ড। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ সম্পদের তালিকায় মার্কিন সরকারি বন্ড বা ট্রেজারিকে ছাড়িয়ে শীর্ষ অবস্থানে উঠে এসেছে স্বর্ণ।
টানা কয়েক বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিপুল পরিমাণে স্বর্ণ কেনা এবং গত দুই বছরে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার কারণে এই পরিবর্তন ঘটেছে।
ইসিবির তথ্যানুযায়ী, ২০২৫ সালের শেষে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মোট বৈশ্বিক রিজার্ভ সম্পদের ২৭ শতাংশই ছিল স্বর্ণ, যা এক বছর আগে ছিল ২০ শতাংশ। একই সময়ে মার্কিন ট্রেজারির অংশ কমে দাঁড়িয়েছে ২২ শতাংশে, যা আগের বছর ছিল ২৫ শতাংশ।
অন্যদিকে রিজার্ভ হিসেবে ইউরোর হিস্যা ১৫ শতাংশেই স্থির রয়েছে।
মূলত বিভিন্ন দেশের ডলারের বিকল্প খোঁজার প্রবণতার কারণেই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের গঠনে এই পরিবর্তন সম্ভব হয়েছে ।
ইসিবি সভাপতি ক্রিস্টিন ল্যাগার্ড প্রতিবেদনে বলেন, “ভূ-রাজনৈতিক উত্তেজনা কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতাকে জোরালো করেছে।”
কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুদ বৃদ্ধি
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর হাতে ৩৬ হাজার টনেরও বেশি স্বর্ণ মজুদ রয়েছে। এটি প্রায় ব্রেটন উডস যুগের (যখন আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা স্বর্ণভিত্তিক ছিল) ৩৮ হাজার টনের কাছাকাছি।
সে সময় মার্কিন ডলারের মান স্বর্ণের সঙ্গে নির্ধারিত ছিল এবং বৈশ্বিক মুদ্রা বিনিময় হার ছিল স্থির।
ইসিবি আরও জানায়, স্বর্ণের দাম দ্রুত বৃদ্ধি পাওয়াও এই পরিবর্তনের অন্যতম কারণ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে সর্বকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছায়।
ডলার এখনও শীর্ষে, তবে চাপ বাড়ছে
তবে সামগ্রিকভাবে ডলার-নির্ভর সম্পদ এখনও বৈশ্বিক রিজার্ভের সবচেয়ে বড় অংশ, যা মোটের ৪২ শতাংশ।
ইসিবি জানায়, ২০২৫ সালে স্বর্ণ কেনার গতি কিছুটা কমে এসেছে। গত বছর কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৮৫০ টন স্বর্ণ কিনেছে, যা আগের তিন বছরে বার্ষিক এক হাজার টনের বেশি কেনার তুলনায় কম।
২০২২ সাল থেকে সবচেয়ে বেশি স্বর্ণ মজুদ বৃদ্ধি করেছে চীন, পোল্যান্ড, তুরস্ক ও ভারত।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, স্টেবলকয়েন কোম্পানি টেথার ২০২৫ সালে একাই ১০০ টনেরও বেশি স্বর্ণ কিনে সবচেয়ে বড় ক্রেতা হয়েছে।