blog-img
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
13 hours ago
2.7 K Views
0 comments
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে এখন প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে সরবরাহ ও চাহিদা। এ প্রেক্ষাপটে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়েছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স। গ্রিনিচ মান সময় মঙ্গলবার রাত ১২টা ৪৬ মিনিট পর্যন্ত ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৭২ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২৯ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৮৪ ডলারে পৌঁছে। এর আগের দিন তেলের দাম ইরান সংঘাত-পূর্ব পর্যায়ের কাছাকাছি নেমে এসেছিল। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের সরবরাহ পুনরুদ্ধার হওয়ায় তাৎক্ষণিক ঝুঁকি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ঘিরে অনিশ্চয়তা থাকায় বর্তমান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বাজার এখনো সতর্ক রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক বিবৃতিতে বলেন, ওয়াশিংটন হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, নয়তো ‘কাজ শেষ করবে’। তার এ মন্তব্যকে নতুন করে সামরিক পদক্ষেপের হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। বর্তমানে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌপরিবহনের পরিস্থিতি এবং উপসাগরীয় অঞ্চলে তেল রপ্তানি স্বাভাবিক হওয়ার বিষয়টি বাজারের নজরে রয়েছে। রয়টার্সের হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত জুন মাসে দৈনিক ৩৮ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল উৎপাদন করেছে। এটি ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ উৎপাদন এবং ইরান সংঘাতের আগের সময়ের তুলনায়ও বেশি।

Comments 0

Your Comment