blog-img
বিশ্ববাজারে কমল তেলের দাম
4 hours ago
2.3 K Views
0 comments

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। একই সময়ে সৌদি আরবে হামলার পর সরবরাহ নিয়ে উদ্বেগ থাকলেও বাজারে এর প্রভাব পড়েনি। 


আজ বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৭ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ কমে ১০৪ দশমিক ৮৬ ডলারে নেমে আসে।


এর আগে মঙ্গলবার উভয় ধরনের তেলের দাম ৩ ডলারের বেশি বেড়েছিল। এতে ১৯ মের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তেলের দাম।


সৌদি আরবের ইয়ানবু টার্মিনালে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মঙ্গলবার বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়ে। লোহিত সাগরের সঙ্গে যুক্ত সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর ইয়ানবু টার্মিনাল থেকে তেল পাঠানো সাময়িকভাবে বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ।


এর পাশাপাশি ইউরোপে সৌদি আরবের অপরিশোধিত তেল সরবরাহ কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কাও তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বৃদ্ধির খবর বুধবার সেই উদ্বেগ কিছুটা কমিয়েছে। ফলে আগের দিনের বড় ধরনের মূল্যবৃদ্ধির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও নিম্নমুখী হয়েছে।

Comments 0

Your Comment