স্পেনে টানা তিন বছর দেখা যাবে সূর্যগ্রহণ, বিরল মহাজাগতিক ঘটনার শুরু আজ
4 hours ago
3.1 K
Views
0
like
share
দেড় বছরের মধ্যে তিনটি সূর্যগ্রহণের বিরল সুযোগ পেয়েছে স্পেন। আজ দেশটির আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এরপর ২০২৭ সালে আবার পূর্ণগ্রাস এবং ২০২৮ সালের জানুয়ারিতে দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ।
উত্তর-পশ্চিম স্পেনের গালিসিয়া থেকে পূর্বে বালেয়ারিক দ্বীপপুঞ্জ পর্যন্ত এলাকায় আজকের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। একই গ্রহণ দৃশ্যমান হবে গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের পশ্চিম প্রান্ত থেকেও।
আগামী ২০২৭ সালের ২ আগস্ট দক্ষিণ স্পেনের সীমান্তবর্তী অঞ্চল, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অংশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এরপর ২০২৮ সালের জানুয়ারিতে স্পেনের দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব পর্যন্ত দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ।
উত্তর-পূর্ব স্পেনের বাসিন্দা হোসেপ মাসাইয়েস ১৭ বছর বয়সে বার্সেলোনার আকাশে সূর্যগ্রহণ দেখে মুগ্ধ হন। এরপর থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে ৫৩ বছরে ৪৩টি গ্রহণ দেখেছেন তিনি। এর মধ্যে ২২টি ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
মাসাইয়েস বলেন, “গ্রহণের সৌন্দর্য অতুলনীয়।” তার মতে, এই আগ্রহ তাকে বিভিন্ন দেশ ও সংস্কৃতি দেখার এবং অন্য জ্যোতির্বিজ্ঞানীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সূর্য, পৃথিবী ও চাঁদের বিন্যাস এবং কক্ষপথের হেলানো অবস্থানের কারণেই স্পেনে পরপর তিন বছর সূর্যগ্রহণ দেখার এই বিরল সুযোগ তৈরি হয়েছে।
আইবেরিয়ান উপদ্বীপ থেকে ১৯১২ সালের পর আর কোনো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়নি। এমনকি ২০২৭ সালের পর ২০৫৩ সাল পর্যন্ত ইউরোপের কোনো অংশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে না।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়। তখন সূর্যের বায়ুমণ্ডলের বাইরের স্তর ‘করোনা’ দেখা যায়। এই করোনা সৌর বায়ু ও সৌরঝড়ের উৎস। শক্তিশালী সৌরঝড় উপগ্রহ, মোবাইল নেটওয়ার্ক, জিপিএস ও বিদ্যুৎ গ্রিডে প্রভাব ফেলতে পারে।
এদিকে ২০২৭ সালের সূর্যগ্রহণকে ঘিরে স্পেন, মরক্কো ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণা ও পর্যবেক্ষণের প্রস্তুতি নিচ্ছে। এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদেরও যুক্ত করা হচ্ছে।