সম্পূর্ণ আইম্যাক্সে শুট হওয়া প্রথম অ-ইংরেজি সিনেমা রাজামৌলির ‘বারাণসী’
14 hours ago
2.4 K
Views
0
like
share
ভারতের বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত ও চোখধাঁধানো মেগা প্রজেক্ট ‘বারাণসী’ নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত এই চলচ্চিত্রটির বিশালতা ও নির্মাণশৈলী নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর নতুন তথ্য প্রকাশ্যে এনেছেন এই নির্মাতা।
ইউরোপীয় সাময়িকী ‘সুনামি’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাজামৌলি নিশ্চিত করেছেন যে, ‘বারাণসী’ বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সম্পূর্ণ আইম্যাক্স প্রযুক্তিতে শুট করা প্রথম অ-ইংরেজি ভাষার সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটির প্রায় ৮০ শতাংশ শুটিং ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী ২০২৭ সালের ৭ এপ্রিল এটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
নতুন এই সাক্ষাৎকারে রাজামৌলি জানিয়েছেন, ছবিটির কাহিনি দর্শকদের মহাদেশ থেকে মহাদেশে এবং সময়ের এক অনন্য রোমাঞ্চকর যাত্রায় নিয়ে যাবে। গল্পের বিস্তার পবিত্র নগরী বারাণসী থেকে শুরু করে বরফাবৃত অ্যান্টার্কটিকা এবং সুদূর আফ্রিকায় ছড়িয়ে পড়বে। কেবল ভৌগোলিক সীমান্তই নয়, সময়কে পেছনে ফেলে প্রাচীন রোমে গমন করে অবশেষে পুনরায় বারাণসীতে ফিরে আসবে এই মহাকাব্যিক গল্প।
টিজারে কেন মূল গল্প গোপন রাখা হয়েছিল, তার ব্যাখ্যা দিতে গিয়ে রাজামৌলি বলেন, বারাণসী চলচ্চিত্রের ভ্রমণটি বারাণসী থেকে অ্যান্টার্কটিকা, সেখান থেকে আফ্রিকা, তারপর সময়ে পিছিয়ে প্রাচীন রোম এবং শেষে পুনরায় বারাণসীতে ফিরে আসে। আমরা একটি টিজার প্রকাশ করলেও আমি বেশি কিছু প্রকাশ করতে চাইনি, কারণ তা সিনেমার প্রতি সুবিচার করত না। এর বদলে গল্প প্রকাশ না করেই আমরা এমন একটি ভিডিও বানিয়েছি যা দর্শকরা কী ধরনের অভিজ্ঞতা পেতে যাচ্ছেন তার ধারণা দেয়।
নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে বড় ধরনের তথ্য শেয়ার করে রাজামৌলি জানান, সিনেমাটির প্রায় ৮০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। বড় আকারের এবং জটিল সব আইম্যাক্স অ্যাকশন দৃশ্যগুলোর শুটিং ইতিপূর্বে শেষ করা হয়েছে এবং এখন কেবল ছোটখাটো দৃশ্যগুলোর কাজ বাকি রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘আরআরআর’-এর কাজ শেষ হওয়ার পর ২০২২ সাল থেকে আমরা এই গল্পের ওপর কাজ শুরু করি। প্রায় সাড়ে চার বছর পার হয়ে গেছে। আমরা সিনেমার প্রায় ৮০ শতাংশ দৃশ্যধারণ শেষ করেছি এবং বাকি ২০ শতাংশের কাজ চলছে। তবে আমরা সবচেয়ে বড় অ্যাকশন দৃশ্যগুলোর কাজ শেষ করে ফেলেছি। এখন মাঝের ছোট দৃশ্যগুলোর চিত্রগ্রহণ বাকি আছে।
তিনি আরও জানান, হায়দরাবাদে অবশিষ্ট ২০ শতাংশ শুটিং শুরু হয়েছে এবং আসন্ন দশহরার আগেই পুরো চিত্রগ্রহণ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ এগোচ্ছে।
চিত্রগ্রহণের পাশাপাশি পোস্ট-প্রোডাকশনের কাজও সমান্তরালভাবে এগিয়ে চলছে বলে জানান এই পরিচালক। প্রতিটি দৃশ্যধারণ শেষ হওয়া মাত্রই তা সম্পাদনা করে ভিজ্যুয়াল ইফেক্টস দলের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হয়। ‘শ্রী দুর্গা আর্টস’-এর ব্যানারে নির্মিত এই বিশাল প্রজেক্টটির সময়সীমা ৫০৮ খ্রিষ্টাব্দের এক প্রাচীন সাম্রাজ্য থেকে শুরু করে ২০৭১ সাল পর্যন্ত বিস্তৃত, যেখানে শহরের ওপর নেমে আসা উল্কাপাত, অ্যান্টার্কটিকা, আফ্রিকা এবং ভূগর্ভস্থ রহস্যময় গুহার দৃশ্য দেখা যাবে।
ছবিটিতে মহেশ বাবু ‘রুদ্র’, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ‘মন্দাকিনী’ এবং কুখ্যাত বিজ্ঞানী ও খলনায়ক ‘কুম্ভ’ চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করছেন। এ ছাড়াও সিনেমাটির তারকাবহুল কাস্টিংয়ে রয়েছেন শ্রুতি হাসান।