টানা বৃষ্টিতে বিপর্যস্ত শ্রীলঙ্কা, ভূমিধস ও বন্যায় প্রাণহানি ৭ জনের
16 hours ago
3.6 K
Views
0
like
share
টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকা। পরিস্থিতির অবনতির কারণে ওই অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সরকার।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি চা-বাগান অধ্যুষিত এলাকায় প্রবল বর্ষণের পর আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। গত বছরের নভেম্বরে ঘূর্ণিঝড় ডিটওয়াহের আঘাতে ক্ষতিগ্রস্ত এই অঞ্চল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠতে পারেনি।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপ্পিলি জানান, মধ্যাঞ্চলে ভূমিধসে দুটি বাড়ি চাপা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যাজনিত ঘটনায় আরও দুজন প্রাণ হারিয়েছেন।
তিনি আরও জানান, বৃষ্টি ও বন্যায় অন্তত ১২৯টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৩ হাজার ৫০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতায় নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল হিরু টিভির প্রচারিত ভিডিওতে দেখা যায়, পানিতে তলিয়ে যাওয়া সড়ক অতিক্রম করে সেনাসদস্যরা আটকে পড়া পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
নুওয়ারা এলিয়া ও বাদুল্লাসহ শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পাহাড়ি ভূখণ্ডে অবস্থিত। বর্ষা মৌসুমে এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে প্রায়ই ভূমিধসের ঝুঁকি তৈরি হয়।