শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের উদ্বেগ
10 hours ago
3.3 K
Views
0
like
share
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের শ্রমিক কর্মবিরতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি হোটেলে বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধিদের সভা শেষে তারা এ উদ্বেগের কথা জানান। এ সময় তারা সরকারকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। সভায় বিজিএমইএ, বিকেএমইএ, বেপজিয়া, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ প্রভৃতি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে এশিয়ান অ্যাপারেলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এমএ সালাম সাংবাদিকদের বলেন, বন্দরে অনির্দিষ্টকালের শ্রমিক কর্মবিরতিতে শুধু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না। তারাও (শ্রমিক) ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ, অনেক শ্রমিক দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন, তারাও মার খাচ্ছেন। যা বলি, ব্যবসায়ীরা চোখে অন্ধকার দেখছেন। তিনি বলেন, বন্দর চেয়ারম্যানকে অনুরোধ করব, বাংলাদেশের লাইফলাইন, ৯০ শতাংশ আমদানি-রফতানি যে চট্টগ্রাম বন্দর দিয়ে হয় তা চার দিন বন্ধ থাকতে পারে না। একটা বিষয় সকলে খেয়াল করবেন, আগেও একদিন, দুই দিন বন্দর বন্ধ ছিল কিন্তু জাহাজ চলাচল বন্ধ হয়নি। এবার প্রথম জাহাজ চলাচল বন্ধ। ইন্টারন্যাশনালি সবাই এটার দিকে তাকিয়ে আছে। তিনি আরও বলেন, এটা সুনাম বয়ে আনছে না, বরং দুর্নাম বয়ে আনছে। সরকারকে অনুরোধ করব ইমিডিয়েটলি আলোচনা করার জন্য। খুব একটা বড় সমস্যা নয়। আমরা যা আলোচনা করেছি, এটাতে কী উপকার হবে, কী অপকার হবে তা যদি তাদের বুঝিয়ে দেওয়া হয়, নেগোসিয়েশনের কোনো বিকল্প নেই। সরকার গত চার দিন করেনি। এখন ইমিডিয়েটলি আলোচনা শুরু করলে, সেটি রাত হোক, দিন হোক সেটি কোনো ব্যাপার নয়, তারা কথা দিয়েছে কাজে অংশগ্রহণ করবে।