blog-img
মেডিকেল ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে ভারতে টেলিগ্রাম বন্ধ
6 hours ago
2.5 K Views
0 comments
ভারতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগের প্রেক্ষাপটে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের ব্যবহার ২২ জুন পর্যন্ত বন্ধ রেখেছে দেশটির সরকার। ভারতের শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রতারণার জন্য টেলিগ্রাম ব্যবহার করা হয়েছে। তাই নির্দিষ্ট ও সীমিত সময়ের জন্য ভারতে টেলিগ্রামের ব্যবহার সীমিত করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি আইনের একটি ধারা মতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ধারা অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার স্বার্থে সরকার কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটে প্রবেশাধিকার বন্ধ রাখতে পারে। যদিও মানবাধিকার কর্মীরা বলছেন, এই আইনটি অনেক সময় মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করতে ব্যবহার করা হয়ে থাকে। তবে ভারত সরকারের দাবি, সব সময় আইন মেনেই এবং জনস্বার্থে এসব পদক্ষেপ নেওয়া হয়। গত মাসে ভারতের মেডিকেল কলেজে ভর্তির অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) বাতিল করে দেশটির সরকার। কারণ, পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস হওয়ার প্রমাণ পাওয়া যায়। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভও করে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও উঠে। এদিকে, মেডিকেল কলেজে ভর্তির জন্য আগামী ২১ জুন পুনরায় নিট পরীক্ষা আয়োজনের ঘোষণা দিয়েছে সরকার। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) জানিয়েছে, আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য NEET পুনঃপরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে অসাধু চক্রগুলো সংগঠিতভাবে টেলিগ্রাম ব্যবহার করছিল। এ কারণে টেলিগ্রামের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Comments 0

Your Comment