কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের গতি কমানোর যৌথ আহ্বানে সায় না দিয়ে এআই নিরাপদ রাখার দায়িত্ব প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব বলে মন্তব্য করেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান তিনি। জাকারবার্গ বলেন, প্রতিটি এআই কোম্পানিকেই নিজস্ব প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে উন্নত এআইয়ের বিকাশ ধীর করার বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর যৌথ আহ্বান থেকে দূরত্ব বজায় রাখলেন তিনি।
জাকারবার্গের এই বক্তব্য আসে অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদের একটি প্রস্তাবের পর। আমোদের প্রস্তাবকে দ্রুত সমর্থন জানিয়েছিলেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং স্পেসএক্সএআইয়ের ইলন মাস্ক।
এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে গবেষকদের সতর্কবার্তায় প্রযুক্তি খাতের নেতাদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কীভাবে প্রযুক্তিটিকে নিরাপদ রাখা যায়, তা নিয়েই মূলত এই বিতর্ক।
জাকারবার্গ বলেন, এআই প্রতিষ্ঠানগুলো নিজেদের মডেল নিরাপদে তৈরি করতে এমনিতেই আগ্রহী। সম্ভাব্য ক্ষতির জন্য তাদের বড় ধরনের আইনি দায়বদ্ধতার মুখোমুখিও হতে হয়।
তিনি বলেন, নিজেদের তৈরি মডেল নিরাপদে প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় গতি নির্ধারণের দায়িত্ব প্রতিটি গবেষণাগারের। এ কাজ নিশ্চিত করার সক্ষমতাও তাদের নিজেদের রয়েছে।
জাকারবার্গ তার বক্তব্যে মেটার নিজস্ব অবস্থানও তুলে ধরেন। তিনি জানান, মেটা তাদের ‘মিউজ’ এআই এজেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে এর প্রকাশ কয়েক মাস পিছিয়ে দিয়েছিল। তবে তারা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্য কোনো প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখার আহ্বান জানায়নি।
জাকারবার্গ আরও বলেন, স্বয়ংক্রিয়ভাবে নিজেদের সক্ষমতা বাড়াতে পারে এমন ব্যবস্থা তৈরির চেয়ে নিরাপদ এআই মডেল তৈরিতে প্রতিষ্ঠানগুলোর বেশি মনোযোগ দেওয়া উচিত।
তিনি বলেন, স্বয়ংক্রিয়ভাবে অগ্রগতি অর্জনের অশুভ প্রতিযোগিতায় না গিয়ে মানুষের সেবায় কম্পিউটিং ক্ষমতার বড় অংশ ব্যবহার করাই এআইকে নিরাপদ রাখার সবচেয়ে ভালো উপায়।
এআই নিরাপত্তা নিশ্চিত করতে আমোদেই তিন ধাপের একটি পরিকল্পনা প্রকাশের কয়েক দিন পর জাকারবার্গ এই বক্তব্য দেন। আমোদেইর প্রস্তাবে বিভিন্ন দেশ ও প্রযুক্তি প্রতিষ্ঠানকে যৌথভাবে এআইয়ের উন্নয়নের গতি কমানোর আহ্বান জানানো হয়েছিল। তবে জাকারবার্গ তার বক্তব্যে সরাসরি অ্যানথ্রোপিক বা অন্য কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি।