হুতিদের হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে পরিচালিত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১১৮টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে এখন পর্যন্ত। যার সরাসরি প্রভাব পড়েছে ১৮ হাজার ৩৬২ জন যাত্রীর ওপর।
রবিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ৫২টি সরাসরি (ডিরেক্ট) ফ্লাইট এবং ৬৬টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
ক্ষতিগ্রস্থ সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে, ইন্ডিগোর ২৩টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।