blog-img
পাকিস্তানে ঐতিহ্যবাহী রামলীলা মন্দির সিলগালা
9 hours ago
2.9 K Views
0 comments

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান শহরের রহিম বাজারে অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী ‘রামলীলা মন্দির’ সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। হেরিটেজ ভবনটি ভেঙে সেখানে বাণিজ্যিক প্লাজা নির্মাণের চেষ্টার পর নাগরিক সমাজের হস্তক্ষেপে সাময়িকভাবে বন্ধ থাকা মন্দিরটিতে শনিবার তালা ঝুলিয়ে এটি পুরোপুরি সিলগালা করে দেয় কর্তৃপক্ষ।


স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ওই স্থানে বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্দেশ্যে কাজ শুরু হলে স্থানীয় জনগণ ও নাগরিক সমাজ বিক্ষোভ গড়ে তোলে। আন্দোলনের মুখে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হামিদ সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধের নির্দেশ দেন এবং ভবনটি সিলগালা করেন।


এদিকে হিন্দু সম্প্রদায় ও নাগরিক সমাজের প্রতিনিধিদের এক যৌথ সভায় রামলীলা মন্দির ভাঙার চেষ্টার তীব্র নিন্দা জানানো হয়েছে। নাগরিক সমাজের সভাপতি সোহেল আহমেদ আজমির কার্যালয়ে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন সাবেক আইনপ্রণেতা (এমপিএ) ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি কিশোর কুমার, সামাজিক কর্মী মুহাম্মদ নোমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


সভায় বক্তারা বলেন, ডেরা ইসমাইল খান অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য হিসেবে যে ৪০০টির মতো ভবন চিহ্নিত করা হয়েছে, ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ড (ইটিপিবি)-এর তালিকায় এ রামলীলা মন্দিরটি অন্যতম। শহরের ইতিহাস ও ঐতিহ্যের ক্ষতি করে এমন যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে নাগরিক সমাজ, ব্যবসায়ী সম্প্রদায়, লেখক ও হেরিটেজ সংরক্ষণ কর্মীরা কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।


একইসঙ্গে নেতারা অভিযোগ করেন, আইনি এখতিয়ার না থাকা সত্ত্বেও সংশিষ্ট কর্তৃপক্ষ ক্ষমতার অপব্যবহার করে সেখানে বাণিজ্যিক প্লাজা নির্মাণের অনুমতি দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তারা জানান—জেলা প্রশাসন, জাতীয় পরিষদের স্পিকার, প্রত্নতত্ত্ব বিভাগসহ সংশ্লিষ্ট সকল উচ্চপর্যায়ে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জানানো হবে। পাশাপাশ জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তারা।

Comments 0

Your Comment