blog-img
নিম্ন আয়ের দেশগুলোকে সহজ শর্তে ঋণ দেবে আইএমএফ
9 hours ago
2.1 K Views
0 comments

বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের সঙ্গে আশাবাদও দেখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতির স্থিতিস্থাপকতা, এআইয়ের সম্ভাবনা ও এশিয়ার গতিশীলতা আশাবাদ জাগিয়েছে। বিপরীতে যুদ্ধ সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব বহন করতে হচ্ছে দেশগুলোকে। বিশেষ করে মূল্যস্ফীতি ও উচ্চ সুদের কারণে নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে। তাই আইএমএফ নিম্ন আয়ের দেশগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। গতকাল থাইল্যান্ডে আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএসএনসিসি) অনুষ্ঠিত আইএমএফ এবং বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনে ষষ্ঠ দিনের প্রেস ব্রিফিংয়ে কথা বলেন আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্রিস্টালিনা জর্জিয়েভা। এ সময় আরও উপস্থিত ছিলেন সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান। প্রেস ব্রিফিংটি সঞ্চালনা করেন আইএমএফের কমিউনিকেশনস বিভাগের পরিচালক জুলি কোজাক। আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক বলেন, নিম্ন আয়ের দেশের রাজস্ব  আয়ের যে অংশ ঋণ পরিশোধে ব্যয় হয়, তা গত কয়েক বছরে ৮ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে ঋণ পুনর্গঠন দ্রুত ও কার্যকর করার পাশাপাশি নিম্ন আয়ের দেশগুলোকে সহজ শর্তে ঋণ ও আর্থিক সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দেবে আইএমএফ। তিনি বলছেন, নিম্ন আয়ের দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ন্যায্য রাজস্ব নীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সরকারি ব্যয়ের সঠিক অগ্রাধিকার নির্ধারণ জরুরি। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) নতুন প্রযুক্তির বিকাশ ও সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, দরিদ্র দেশগুলোর মানুষের কাছে মূল্যস্ফীতি এক ধরনের করের মতো। তারা মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা পছন্দ করেন না। তারা সরকারের কাছ থেকে সুস্পষ্ট নীতি এবং এমন পরিবেশ চান, যেখানে বেসরকারি খাত ও উদ্যোক্তারা সহজে ব্যবসাবাণিজ্য সম্প্রসারণ করতে পারেন। অর্থনৈতিক সংকট ও বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনে নিম্ন আয়ের দেশগুলো তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার ক্ষেত্রে এসব দেশকে অগ্রাধিকার দিতে হবে।

Comments 0

Your Comment