প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘৫ অক্টোবর ইউনেস্কো ঘোষিত বিশ্ব শিক্ষক দিবস প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উদ্যাপন করা হবে। আমরা সেখানে গুণী শিক্ষকের সংখ্যা ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন জাতীয় পর্যায়ে এ সম্মাননা পেতেন মাত্র ১২ জন শিক্ষক। তবে সরকার এবারই প্রথম প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বমোট ১০০ কৃতী শিক্ষককে এই অন্তর্ভুক্তিমূলক সম্মাননার আওতায় নিয়ে আসছে। শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও জাতীয় পর্যায়ের উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ততা বাড়াতে সরকারের যুগোপযোগী উদ্যোগ অব্যাহত থাকবে।’ গতকাল দুপুরে নিজ দপ্তরে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘আমাদের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী শুধু পাঠদানই করেন না, বরং তরুণ প্রজন্মের ভিতর সততা, দেশপ্রেম, মেধা ও মানবিক মূল্যবোধের বীজ বপন করে একটি আত্মমর্যাদাশীল জাতি বিনির্মাণে আজীবন আত্মনিয়োগ করেন। তাঁদের এই নিঃস্বার্থ ত্যাগ ও নিরলস শ্রমের ওপর ভিত্তি করেই প্রধানমন্ত্রী আধুনিক ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার রূপরেখা গ্রহণ করেছেন।’