blog-img
স্বপ্নের ফাইনালে স্পেন, উচ্ছ্বাসে যা বললেন পেদ্রো পোরো
17 hours ago
4.4 K Views
0 comments
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। দলের দ্বিতীয় গোলটি করে জয়ের ভিত আরও মজবুত করেন রাইটব্যাক পেদ্রো পোরো। ম্যাচ শেষে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে এই সাফল্যকে স্বপ্ন পূরণের সঙ্গে তুলনা করেন তিনি। পোরো বলেন, ‘এটি সত্যিই স্বপ্ন সত্যি হওয়ার মতো। শুরু থেকে শেষ পর্যন্ত দল অসাধারণ মানসিকতা নিয়ে খেলেছে। ফাইনালে উঠতে যা যা করা প্রয়োজন ছিল, আমরা সেটিই করেছি। আমরা জানতাম ফ্রান্স খুব কঠিন প্রতিপক্ষ। এটি কোনো ব্যক্তিগত জয় নয়, পুরো দলের জয়। এমন একটি ম্যাচ উপহার দেওয়ার জন্য সতীর্থদের অভিনন্দন জানাই।’ তিনি জানান, ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ধরে রাখাই ছিল স্পেনের মূল পরিকল্পনা। পোরোর ভাষায়, ‘আমরা জানতাম, ফ্রান্সের বিপক্ষে বলের দখল ধরে রাখতে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা বাড়বে। শেষ দিকে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে খেলাই কঠিন হয়ে যাচ্ছিল। তবে আমাদের দলে ২৬ জন খেলোয়াড় রয়েছে, সবাই প্রস্তুত। এখন লক্ষ্য দ্রুত পুনরুদ্ধার করে ফাইনালের জন্য নিজেদের শতভাগ প্রস্তুত করা।’ এই জয়ের মাধ্যমে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে স্পেন। পাশাপাশি ইউরো ২০২৪, নেশনস লিগ ২০২৫ এবং বিশ্বকাপ ২০২৬। টানা তিনটি বড় টুর্নামেন্টের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে অনন্য এক ইতিহাসও গড়েছে লা রোহা। এটি স্পেনের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল। এর আগে ২০১০ সালে নেদারল্যান্ডসকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল তারা। এবার শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী।

Comments 0

Your Comment