স্পেনের সঙ্গে লিওনেল মেসির সম্পর্কটা যেন এখনও অটুট। বার্সেলোনার অধ্যায় শেষ করে পাঁচ বছর আগে দেশটি ছাড়লেও সুযোগ পেলেই স্পেনে ফিরে যান আর্জেন্টাইন কিংবদন্তি। এবার তিন সন্তানকে নিয়ে স্পেনে গিয়ে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন তিনি।
মেসি হাজির হন স্পেনের পঞ্চম স্তরের ক্লাব কর্নেলার সবুজ-সাদা জার্সিতে। সঙ্গে ছিলেন তার তিন ছেলে- থিয়াগো, মাতেও ও চিরো। কর্নেলা সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও তার পরিবারের ছবি প্রকাশ করে বিষয়টি জানায়।
গত এপ্রিলেই কর্নেলার মালিকানার সঙ্গে যুক্ত হন মেসি। এরপর থেকেই ক্লাবটির প্রতি তার আগ্রহ নিয়ে আলোচনা চলছে। বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের কারণে কাতালোনিয়ায় মেসির উপস্থিতিও ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের।
এদিকে ৩৯ বছর বয়সেও মাঠে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। সম্প্রতি মন্ট্রিলের বিপক্ষে ইন্টার মায়ামির ৭-১ গোলের জয়ে একাই চার গোল করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।