সন্তানের দায়িত্ব না নেওয়ায় বিশ্বকাপে নিষিদ্ধ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক!
12 hours ago
3.6 K
Views
0
like
share
সন্তানের ভরণপোষণ না দেওয়া প্রায় ১৩ হাজার আর্জেন্টিনা সমর্থককে ২০২৬ বিশ্বকাপের স্টেডিয়ামে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। এ লক্ষ্যে তাদের তালিকা যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করেছে আর্জেন্টিনা সরকার।
সরকারের লক্ষ্য, কোনোভাবেই এই খেলাপি অভিভাবকেরা যেন যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে ঢুকে ম্যাচ উপভোগ করতে না পারেন।
বুয়েনস আইরেসের মেয়র এ বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে বলেন, ‘যারা নিজেদের সন্তানদের দায়িত্ব নিতে পারে না, তাদের স্টেডিয়ামে ঢোকার কোনো অধিকার নেই।’
এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর্জেন্টিনার ‘সেফ স্ট্যান্ডস’ নামক জাতীয় কর্মসূচির আওতায়। কর্মসূচিটির উদ্দেশ্য, যারা সন্তানের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ, অথচ ফুটবল দেখার পেছনে অর্থ ও সময় ব্যয় করেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।
নিরাপত্তা মন্ত্রী আলেহান্দ্রা মন্তেওলিভা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, ‘যারা সন্তানদের ভরণপোষণ দেয় না, স্টেডিয়াম থেকে তাদের ছুটি।’
আদালতের রায়ে চাইল্ড সাপোর্ট দিতে ব্যর্থ হিসেবে প্রমাণিত ব্যক্তিদের নামই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এসব খেলাপি অভিভাবককে চিহ্নিত করতে অভিযান জোরদার করে প্রশাসন। এরই ধারাবাহিকতায় তালিকাটি মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ভাগ করা হয়।
সরকারের এই সিদ্ধান্ত আর্জেন্টিনার সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে নারীদের মাঝে ব্যাপক প্রশংসা পেয়েছে। বহুদিন ধরে সন্তানের অধিকার আদায়ে লড়াই করা মায়েদের জন্য এটি শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে।
সরকার স্পষ্ট করে জানিয়েছে, পারিবারিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিশ্বকাপের গ্যালারিতে তাদের কোনো স্থান নেই।