blog-img
রোনালদোর অবসরে আর্থিক সঙ্কটে পড়বে পর্তুগাল
5 hours ago
1.9 K Views
0 comments
ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে পর্তুগাল বড় ধরনের বাণিজ্যিক ক্ষতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির একজন শীর্ষ মার্কেটিং বিশেষজ্ঞ। তার মতে, পর্তুগিজ ফুটবল ফেডারেশনকে (এফপিএফ) এখন থেকেই রোনালদো পরবর্তী সময়ের জন্য নতুন কৌশল তৈরি করতে হবে। পর্তুগিজ ইনস্টিটিউট অব মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশনের (আইপিএএম) নির্বাহী পরিচালক ড্যানিয়েল সা বলেছেন, পর্তুগাল জাতীয় দলের ব্র্যান্ড পরিচয় দীর্ঘদিন ধরেই রোনালদোকেন্দ্রিক। ২০২৬ বিশ্বকাপই ছিল ৪১ বছর বয়সী এই তারকার ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ। যদিও তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবুও তার বিদায়ের পর পর্তুগাল মিডিয়ার নজর এবং আয়ের বড় একটি অংশ হারাবে বলে মনে করেন সা। লুসা নিউজ এজেন্সিকে তিনি বলেন,‘ব্র্যান্ডের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, রোনালদো একাই পর্তুগাল জাতীয় দল এবং আরও অনেক কিছুর চেয়েও বড় একটি ব্র্যান্ড। এটা খেলাধুলার বিশ্লেষণ নয়, ব্র্যান্ডের বিশ্লেষণ। রোনালদো চলে গেলে সেটা হবে একটি ট্র্যাজেডি। কারণ মানুষ এখনো বুঝতে পারছে না, কতটা মিডিয়া মনোযোগ হারিয়ে যাবে। আমরা যেন দ্রুতগতির এসকেলেটরে নিচের দিকে নামতে শুরু করব।’ ড্যানিয়েল সা মনে করেন, গত দুই দশকেরও বেশি সময় ধরে রোনালদোর কারণেই পর্তুগিজ ফুটবল ফেডারেশন অসংখ্য লাভজনক বাণিজ্যিক চুক্তি করতে পেরেছে। তাই এখনই রোনালদো-নির্ভরতা কমিয়ে নতুন গল্প ও নতুন ব্র্যান্ড পরিচয় তৈরি করা জরুরি। তিনি বলেন, রোনালদোর বাইরে পর্তুগিজ ফুটবলে আরও অনেক কিছু আছে। তবে সেগুলো সামনে আনতে ফেডারেশনকে নতুন কৌশল নিয়ে কাজ করতে হবে।রোনালদোর প্রভাব শুধু মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নয়। বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী থাকা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে, বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের দূত এবং একাধিক ব্যবসার বিনিয়োগকারী হিসেবে তার ব্যক্তিগত ব্র্যান্ড খেলা ছাড়ার পরও আরও শক্তিশালী হবে। এই বিশ্লেষক বলেন,‘রোনালদো শুধু একজন ফুটবলার নন। তিনি বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার, অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ এবং বিভিন্ন খাতের বিনিয়োগকারী। খেলা ছাড়ার পরও তার ব্র্যান্ডের মূল্য আরও বাড়বে।’

Comments 0

Your Comment