blog-img
মেসিই হতে পারেন প্রথম
17 hours ago
3.8 K Views
0 comments
ফুটবলের সবুজ ক্যানভাসে বিশ্বকাপ যেন এক মহাকাব্যিক উপাখ্যান, আর সেখানে টানা দুবার (ব্যাক টু ব্যাক) শ্রেষ্ঠত্বের মুকুট পরা এক অলীক স্বপ্ন। ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে কেবল দুটি দেশই লিখতে পেরেছে এ অনন্য রূপকথা, ইতালি ও ব্রাজিল। মাঠের সেনাপতি আর ডাগআউটের মাস্টারমাইন্ডদের যুগলবন্দিতেই রচিত হয়েছিল সেই ঐতিহাসিক জয়গাথা। তবে ২০২৬ সালের উত্তর আমেরিকার আসরে সোনালি শিরোপা ধরে রাখার তালিকায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নাম যুক্ত হতে পারে বলে প্রত্যাশা করছেন লিওনেল মেসি ভক্তরা। আর এমনটি ঘটলে কাতার বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি বসবেন এক অনন্য উচ্চতায়। মেসি হবেন প্রথম অধিনায়ক, যার হাত ধরে কোনো দেশ টানা দুবার ফিফা বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরবে। স্মৃতির পাতা উল্টালে দেখা যায়, তিরেশের দশকে রোমের তপ্ত রোদে ইতালির বুকে বসেছিল রাজকীয় আসর। ১৯৩৪ সালে গোল পোস্টের নিচে যেন এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ইতালিয়ার অধিনায়ক জানপিয়েরো কম্বি। আর মাঠের বাইরে দাবার চাল চালছিলেন ক্ষুরধার মস্তিষ্কের কোচ ভিত্তোরিও পোজো। চার বছর পর, ১৯৩৮ সালে প্যারিসেও পোজের সেই চাণক্য নীতি অক্ষুণ্ন ছিল; তবে এবার মাঠ কাঁপিয়ে ট্রফি উঁচিয়ে ধরলেন কিংবদন্তি জুসেপ্পে মেয়াতজা। আর ভিত্তোরিও পোজো ইতিহাসে একমাত্র কোচ, যিনি প্রধান কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জিতেছেন। পোজোর ডাগআউটের এমন অনন্য কীর্তি আজও কেউ স্পর্শ করতে পারেনি। ঠিক বিশ বছর পর, দক্ষিণ আমেরিকার ছন্দে বিশ্ব দেখল সাম্বা ফুটবলের আদিম ও নিখাদ সৌন্দর্য। ১৯৫৮ সালে সুইডেনের মাঠে হিল্ডারালদো বেলিনির হাত ধরে প্রথমবার সোনালি ট্রফি ছুঁয়েছিল ব্রাজিল; ডাগআউটে তখন কৌশলী ভিসেন্তে ফিওলা। ১৯৬২ সালে চিলির মাটিতে পেলে চোট পেয়ে ছিটকে গেলেও থামেনি সেলেকাওদের জয়রথ। এবার মাউরো মাসোসের নেতৃত্বে আর কোচ আইমোরে মোরেইরার জাদুকরী ছোঁয়ায় চিলির আকাশ রাঙিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বজয় করে ব্রাজিল। তবে সেলেকাওদের শিরোপা ধরে রাখার কীর্তিতে অধিনায়ক ও কোচ দুজনই ছিলেন ভিন্ন। ২০২২ কাতার ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি ও ডাগআউটে লিওনেল স্কালোনির নিপুণ শিল্পকর্মে আলবিসেলেস্তেরা জিতে নেয় তাদের তৃতীয় শিরোপা। এবার উত্তর আমেরিকার মাটিতে বসছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। চ্যাম্পিয়ন হলেই তৃতীয় দেশ হিসেবে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার গৌরব অর্জন করবে আর্জেন্টিনা। আর প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে ব্যাক টু ব্যাক বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়বেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। অন্যদিকে, ইতালির সেই মহানায়ক ভিত্তোরিও পোজোর পর দ্বিতীয় কোচ হিসেবে টানা দুটি ফিফা বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। আর্মব্যান্ডের তেজ আর কোচের ক্ষুরধার মস্তিষ্ক-এ দুইয়ের মেলবন্ধনে ফুটবল ইতিহাস কি তবে পেতে চলেছে তার চিরন্তন দুই সম্রাটকে? উত্তর লুকিয়ে আছে মাঠের ৯০ মিনিটের রোমাঞ্চে।

Comments 0

Your Comment