blog-img
ব্রাজিলের জার্সিতে আর খেলবেন না নেইমার
8 hours ago
3.4 K Views
0 comments
ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কথা বলেন নেইমার। সেখানেই তিনি জানান, ব্রাজিলের জার্সিতে তার পথচলার ইতি ঘটেছে। নেইমার বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। এখানে আমি ইতিহাস গড়েছি, অসংখ্য স্মরণীয় মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি। তবে এখন আর চালিয়ে যেতে চাই না।” বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। ওই ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি নেইমার। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই ম্যাচই তার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হয়ে থাকল। ২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেও বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেল তার। জাতীয় দল থেকে অবসরের পর এখন ক্লাব ফুটবলে মনোযোগ দিতে চান নেইমার। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি হিসেবে নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ে কোপা সুদামেরিকানার শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস। এদিকে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি বিতর্কও নাকচ করে দিয়েছেন নেইমার। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল, চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ড্রয়ের পর তিনি তরুণ সতীর্থ গ্যাব্রিয়েল বন্তেম্পো ও জোয়াও আনানিয়াসকে অপমান করেছিলেন। তবে এসব অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে নেইমার বলেন, ম্যাচ শেষে তিনি শুধু দলের আরও ভালো খেলার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন, যা অধিনায়ক হিসেবে তার দায়িত্বের অংশ।

Comments 0

Your Comment