লন্ডনে জমকালো ব্যালন ডি'অর আয়োজনের মাত্র কয়েক দিন বাকি। এর আগেই স্প্যানিশ তরুণ তুর্কি লামিন ইয়ামালের পক্ষে প্রকাশ্যে জোরালো অবস্থান নিয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পের ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা, স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং কোচ হান্সি ফ্লিকের পর এবার এই দৌড়ে যোগ দিলেন বার্সেলোনার ক্রীড়া বিষয়ক সহ-সভাপতি রাফা ইউস্তে। তার মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে ব্যালন ডি'অর পাওয়ার একমাত্র যোগ্য দাবিদার ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
রেসিং সান্তান্দারের পরিচালনা পর্ষদের সঙ্গে এক মধ্যাহ্নভোজের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ইউস্তে। স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভোকে তিনি বলেন, ‘লামিন যে নিজের মুখে ব্যালন ডি'অর চেয়েছে, বিষয়টি আমার খুব পছন্দ হয়েছে। কারণ সে-ই এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার।’
আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর অনুষ্ঠান। ইয়ামালের মনোনয়ন প্রসঙ্গে ইউস্তে আরও যোগ করেন, ‘আমার চোখে সে কেবল ফুটবল বিশ্বের সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর খেলোয়াড়ই নয়, মাঠে সবাইকে রোমাঞ্চিত করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। এই বয়সে শিরোপা জয়ের পাশাপাশি সে প্রতি ম্যাচের জয়-পরাজয় নির্ধারণে মুখ্য ভূমিকা রাখছে। আমি সম্পূর্ণ সত্য মন থেকেই এটি বলছি।’
তরুণ এই উইঙ্গারের আত্মবিশ্বাসের প্রশংসা করে বার্সা সহ-সভাপতি বলেন, ‘সে প্রকাশ্যে এমন মন্তব্য করায় আমি অত্যন্ত আনন্দিত। এর অর্থ হলো সে নিজের প্রতি এবং ফুটবল বিশ্বকে যা দিচ্ছে সে বিষয়ে পুরোপুরি দায়বদ্ধ। আবারও বলছি, তার বয়স মাত্র ১৯ বছর, অথচ সে জানে যে সে এটার যোগ্য। এই বয়স বিচারে যা তার বলিষ্ঠ ব্যক্তিত্বেরই বহিঃপ্রকাশ।’
লা লিগায় রেসিং সান্তান্দারের বিপক্ষে ম্যাচের আগে কথা বলায় এই দ্বৈরথ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ইউস্তে। ক্লাবের ধারাবাহিক জয় বজায় রাখার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমাদের ধাপে ধাপে এগোতে হবে। সবটুকু নম্রতা ও পরিশ্রম দিয়ে আজ আমরা জয়ের ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।’
লাপোর্তা থেকে ফ্লিক—ক্লাব প্রশাসনের সবাই এখন একমত যে, এবারের ব্যালন ডি’অর বার্সেলোনার এই বিস্ময় বালকের হাতেই ওঠা উচিত।