blog-img
বাংলাদেশে আসছেন এমবাপ্পে
12 hours ago
1.8 K Views
0 comments
বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে আসছেন বাংলাদেশে। আসন্ন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান রাঙাতেই আসছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ২০১৮ বিশ্বকাপজয়ী এবং টানা দুবার বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী ফরাসি ফুটবলারকে প্রধান আকর্ষণ হিসেবে আনার তোড়জোড় চলছে। গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে এই চাঞ্চল্যকর খবর দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফুটবল উন্মাদনার দেশ বাংলাদেশে বিশ্বকাপজয়ী তারকা ফুটবলারের আগমন নতুন কিছু নয়। ২০০৬ সালে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানকে দিয়ে যে রোমাঞ্চের সূচনা হয়েছিল, তা বজায় রেখেছেন কারেম্বু, ওজিল ও গিলবার্তো সিলভারা। ২০১১ সালে লিওনেল মেসির আর্জেন্টিনার সেই ঐতিহাসিক প্রীতি ম্যাচের স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের মনে অমলিন। এবার সেই ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করতে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় নিয়ে আসার এক মেগা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, দেশজুড়ে ফুটবলের এক নতুন জোয়ার সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা চাই সারা দেশে ফুটবল নিয়ে নতুন জোয়ার সৃষ্টি হোক। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি, প্রাইম মিনিস্টার গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের আন্তর্জাতিক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।’ এ ছাড়া আরেক উদীয়মান স্প্যানিশ তারকা লামিন ইয়ামালকে বাংলাদেশে আনার বিষয়েও আলাপ চলছে। তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করতে এ টুর্নামেন্ট বিশাল ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, মাদ্রাসা ও কারিগরি কলেজসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দল গঠন বাধ্যতামূলক। দল গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Comments 0

Your Comment