blog-img
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়
38 minutes ago
3.6 K Views
0 comments

রিয়াল বেতিসের কাছে হারের পর ঘুরে দাঁড়ালো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে উড়িয়ে দাপুটে জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। জোড়া গোল করে জয়ে বড় অবদান রেখেছেন কিলিয়ান এমবাপ্পে।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ডি-বক্সে আলভারো কারেরাস ফাউলের শিকার হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে ভায়েকানোর গোলরক্ষক এমিলিয়ানো উদেরোকে পরাস্ত করতে কোনো ভুল করেননি ফরাসি ফরোয়ার্ড।


এর মাত্র তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এবার গোল না করে সতীর্থ কারেরাসকে দিয়ে গোল করান এমবাপ্পে। 


প্রথমার্ধ শেষ হওয়ার ১০ মিনিট আগে রিয়ালের তৃতীয় গোলটি আসে জুড বেলিংহামের পা থেকে। ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ কাট-ব্যাক পেয়ে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার।


দ্বিতীয়ার্ধের শুরুতে সের্হিও কামেলো একটি গোল শোধ করে ভায়েকানোকে ম্যাচে ফেরার স্বপ্ন দেখান। তবে শেষ পর্যন্ত সেই আশা পূরণ হয়নি। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।


চলতি লিগে এটি এমবাপ্পের ষষ্ঠ গোল। পাঁচ ম্যাচে চার জয় নিয়ে রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে সমান অবস্থানে পৌঁছেছে। অন্যদিকে, ঘরের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষে শেষ ১৫ ম্যাচে এটি রিয়ালের ১৪তম জয়।


তবে রবিবার লেভান্তের বিপক্ষে জয় পেলেই আবার তিন পয়েন্টের ব্যবধানে এককভাবে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ রয়েছে বার্সেলোনার।

Comments 0

Your Comment