blog-img
ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪
2 hours ago
4 K Views
0 comments

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় সাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একটি নৌযানে হামলা চালানোর ঘটনায় চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার এই হামলা চলানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ খবর জানিয়েছে।


সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, নৌযানটি যে সরাসরি মাদক পাচারে যুক্ত ছিল, সে ব্যাপারে তাদের কাছে নিশ্চিত গোয়েন্দা তথ্য ছিল।


মার্কিন সাউদার্ন কমান্ড আরও জানিয়েছে, পরিচিত মাদক পাচার রুটে থাকা সন্দেহভাজনদের লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে।


ট্রাম্প প্রশাসন যাদের ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে, তাদের বিরুদ্ধেই মূলত এই অভিযান পরিচালিত হচ্ছে। গত বছর থেকে শুরু হওয়া সেই ধারাবাহিক অভিযানেরই সর্বশেষ নজির এই হামলা।


তবে ওই নৌযানটি সত্যিই মাদক বহন করছিল—এমন কোনো প্রমাণ সামরিক বাহিনী উপস্থাপন করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চলমান একটি নৌযানের মতো বস্তুর পরপরই একটি বিস্ফোরণের ঝলক দেখা যাচ্ছে।


মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, শনিবারের এই ঘোষণার ঠিক ১০ দিন আগেও তারা ক্যারিবীয় অঞ্চলে আরেকটি হামলা চালিয়েছিল। ওই হামলায় তিনজন নিহত হন।


অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে বিভিন্ন নৌযানে হামলা চালিয়ে ২২০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। তবে মানবাধিকার সংস্থাগুলো এই হামলাগুলোকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়েছে।

Comments 0

Your Comment