গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সরকারি প্রতিনিধিদলের সদস্য এবং বেসামরিক নাগরিকও রয়েছেন। শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়াঙ্গো প্রদেশের কোয়াঙ্গোতে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে যাওয়ার পথে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে কেঙ্গেতে জরুরি অবতরণের চেষ্টা করলে বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
কোয়াঙ্গো প্রদেশের ডেপুটি গভর্নর রেমি সাকি বোকিন্দা জানান, কেঙ্গেতে কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক প্লটে আছড়ে পড়ে।
কঙ্গোর সামরিক মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানে থাকা সবাই মারা গেছেন। নিহতদের মধ্যে ১২ জন আগুনে পুড়ে এমনভাবে দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। পাইলটের মরদেহ বিমানের ধ্বংসাবশেষের বাইরে পাওয়া যায়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে দুই জেনারেলের সঙ্গে থাকা বেসামরিক নাগরিক, সরকারি প্রতিনিধিদলের সদস্য এবং অন্যান্য সামরিক কর্মকর্তারাও ছিলেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানো হয়। বিমানটি কী কারণে দুর্ঘটনার শিকার হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সামরিক মুখপাত্র একেনগে।
খনিজ সম্পদে সমৃদ্ধ মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র দীর্ঘদিন ধরে সংঘাত ও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় অস্থিতিশীল। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী গুরুত্বপূর্ণ খনি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে।
দেশটির সেনাবাহিনীও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এর মধ্যেই সামরিক বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির এই ঘটনা ঘটল।