blog-img
ইউটিউবে স্বর্ণ-টাকা দেখিয়ে বিপদ, রাতে সব নিয়ে গেল চোর
10 hours ago
2.1 K Views
0 comments

ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় এক ইউটিউবারের বাড়ি থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, নেগারকোইলের কাছে থাম্মাথুকোনামের ভিআইপি গার্ডেন এলাকায় ইউটিউবার বিনোথ কুমারের বাড়িতে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা প্রবেশ করে। সেখান থেকে ১১৮ সোভরেন, অর্থাৎ প্রায় ৯৪৪ গ্রাম স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় তারা।

বিনোথ কুমার স্ত্রী মধুমিথাকে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে ঘরে থাকা মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে রাজাক্কামাঙ্গালাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। চোরদের শনাক্ত করতে বাড়ি ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তারা কীভাবে আবাসিক এলাকায় প্রবেশ করেছিল এবং চুরির পর কোন পথে পালিয়েছে, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তদন্তে ইউটিউবার দম্পতির সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডও গুরুত্ব পাচ্ছে। তাদের বিভিন্ন ভিডিওতে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রদর্শন করতে দেখা গেছে। এসব ভিডিওর মাধ্যমে বাড়িতে মূল্যবান সামগ্রী থাকার তথ্য কোনোভাবে অপরাধীদের কাছে পৌঁছেছিল কি না, তা যাচাই করছেন তদন্তকারীরা।

এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার পুরো পরিকল্পনা উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

Comments 0

Your Comment