blog-img
ইরানকে টোল দিলেই মার্কিন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি
7 hours ago
3.8 K Views
0 comments
হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচলের বিনিময়ে ইরানকে ‘টোল’ দিলেই কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। জাহাজ চলাচলকারী কোম্পানিগুলোকে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ (ওএফএসি) গত শুক্রবার এক সতর্কবার্তায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের জন্য ইরান সরকারকে অর্থ দেওয়া সাধারণত নিষিদ্ধ। তবে বিদেশি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিও যদি ইরানকে এই মাসুল প্রদান করে, তবে তারাও মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে। ওএফএসি বলেছে, ইরানি বন্দরগুলোতে জাহাজ নোঙর করার সঙ্গে সংশ্লিষ্ট নৌ-পরিবহন খাতের অংশীজনরা একাধিক কর্তৃপক্ষের পক্ষ থেকে নিষেধাজ্ঞার বড় ধরনের ঝুঁকিতে রয়েছেন। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর কড়াকড়ি আরোপ করেছে ইরান। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরান এই অবরোধকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছে। তেহরান দাবি করেছে, জাহাজগুলোকে নিরাপদে ও অবাধে চলাচলের সুযোগ দেওয়ার বিনিময়ে তারা এই টোল আদায় করছে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদেজা হাজি বাবাবেই গত সপ্তাহে দাবি করেছেন, টোল থেকে সংগৃহীত আয়ের প্রথম অংশ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তবে টোলের পরিমাণ বা কারা এই অর্থ দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিবিসিও স্বতন্ত্রভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। ওএফএসি জানিয়েছে, টোল বা মাসুল আদায়ের ক্ষেত্রে নগদ অর্থ ছাড়াও ডিজিটাল সম্পদ, অফসেট কিংবা অনানুষ্ঠানিক সোয়াপ ব্যবহার করা হতে পারে। এমনকি ইরানি দূতাবাসে দেওয়া দান বা অন্য কোনো উপায়ে দেওয়া অর্থও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

Comments 0

Your Comment