blog-img
মুখ্যমন্ত্রী বিজয়কে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য: তামিলনাড়ুর বিরোধী দলনেতা আটক
10 hours ago
3.3 K Views
0 comments
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে পুলিশ হেফাজতে নিয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে চেন্নাইয়ের বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঞ্জাবুরে নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, কাবেরী নদীর পানিবণ্টন ইস্যুতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে মুখ্যমন্ত্রী বিজয়কে সমালোচনা করতে গিয়ে উদয়নিধি একটি মন্তব্য করেন। সমাবেশে উপস্থিত দর্শকদের একাংশ অভিনেত্রী তৃষা কৃষ্ণানের নাম ধরে স্লোগান দিলে তিনি একটি দ্ব্যর্থবোধক মন্তব্য করেন। অভিযোগ, ওই মন্তব্যে মুখ্যমন্ত্রী ও অভিনেত্রীকে নিয়ে কুরুচিকর যৌন ইঙ্গিত করা হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ক্ষমতাসীন দলসহ বিভিন্ন রাজনৈতিক দল মন্তব্যটিকে নারীর প্রতি অবমাননাকর ও অশোভন বলে নিন্দা জানায়। হেফাজতে নেওয়ার আগে উদয়নিধির বাসভবনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে তিনি মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। পুলিশের গাড়িতে তোলার সময় সাংবাদিকদের উদয়নিধি বলেন, আমি যে কথা বলিনি, সেই অভিযোগেই আমাকে গ্রেপ্তার করা হচ্ছে। তার দাবি, রাজ্যের প্রকৃত সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরাতেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান। তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মণিকম ঠাকুর মন্তব্যটিকে “অগ্রহণযোগ্য” আখ্যা দিয়ে তা প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া বিজেপির নেতারাও এ মন্তব্যের তীব্র সমালোচনা করে একে অশ্লীল ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন এবং উদয়নিধির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Comments 0

Your Comment