সমালোচনা উপেক্ষা করে বক্স অফিসে ঝড় তুলল যশের ‘টক্সিক’
15 hours ago
1.8 K
Views
0
like
share
চার বছর পর বড় পর্দায় যশের প্রত্যাবর্তন নিয়ে ছিল তুমুল আগ্রহ। মুক্তির পর ‘টক্সিক’ ঘিরে সমালোচনাও কম হয়নি। তবে নেতিবাচক আলোচনা উপেক্ষা করে বক্স অফিসে দারুণ সূচনা করেছে গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি।
বুধবার (২৬ আগস্ট) ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় যশের বহুল প্রতীক্ষিত ‘টক্সিক’। মুক্তির প্রথম দিনেই একাধিক ভাষার সংস্করণে দর্শকের ব্যাপক সাড়া ফেলতে পেরেছে সিনেমাটি। স্যাকনিল্কের তথ্যমতে, মুক্তির দিন দুপুর ১টা পর্যন্ত ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪১ কোটি ৭২ লাখ রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে হিন্দি সংস্করণ থেকে, যার পরিমাণ ১৯ কোটির বেশি।
অন্যদিকে মূল কন্নড় সংস্করণও সকালেই ১০ কোটি রুপির মাইলফলক পেরিয়ে যায়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কন্নড় সংস্করণের সকালের শোগুলোতে দর্শক উপস্থিতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ। তেলেগু ডাব সংস্করণও ভালো সাড়া পাচ্ছে। তবে তামিল ও মালয়ালম সংস্করণের ব্যবসা তুলনামূলকভাবে কিছুটা ধীরগতির।
প্রথম দিনের সকালেই বক্স অফিসে আরেকটি আলোচিত সিনেমার আয়কে ছাড়িয়ে যাওয়ার দাবি উঠেছে। রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ প্রথম দিনে ২৮ কোটি রুপি আয় করেছিল। সেই অঙ্ক ‘টক্সিক’ মুক্তির প্রথম দিনের শুরুতেই পেছনে ফেলেছে বলে বাণিজ্য বিশ্লেষকদের হিসাব।
সিনেমাটি প্রথম দিনে ৮০ কোটি রুপির বেশি আয় করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে যশের আগের ব্লকবাস্টার ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর প্রথম দিনের ১১৬ কোটি রুপির রেকর্ড স্পর্শ করা ‘টক্সিক’-এর জন্য কঠিন হতে পারে।
মুক্তির আগেই অবশ্য অগ্রিম টিকিট বিক্রিতে আলোচনায় আসে সিনেমাটি। গত ২১ আগস্ট বুকিং শুরুর পর পাঁচ দিনে ১৮ লাখের বেশি টিকিট বিক্রি হয়। শুধু প্রথম দিনের অগ্রিম বুকিং থেকেই আয় হয় প্রায় ৬০ কোটি রুপি।
‘টক্সিক’ পরিচালনা করেছেন গীতু মোহনদাস। যশের পাশাপাশি সিনেমাটিতে রয়েছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। তবে বক্স অফিসে শক্তিশালী শুরুর পাশাপাশি সিনেমাটি ঘিরে বিতর্কও চলছে। এর সহিংসতা ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। নারীদের উপস্থাপন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
সব বিতর্কের মধ্যেই কোনো দৃশ্য বাদ না দিয়ে ভারতীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ‘এ’ সনদ নিয়ে এখন প্রেক্ষাগৃহে চলছে যশের প্রত্যাবর্তনের এই সিনেমা।