blog-img
মুক্তি পেল আশা ভোঁসলের শেষ গান
5 hours ago
4.1 K Views
0 comments

ভারতীয় সংগীতজগতের প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী প্রয়াত আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে তার গাওয়া ক্যারিয়ারের শেষ প্লেব্যাক গান। ‌


মুক্তির অপেক্ষায় থাকা ‘ওম কা হরি’ সিনেমার জন্য রেকর্ড করা এই আবেগঘন গানটির শিরোনাম ‘এ মেরি জিন্দেগি, তু ছুপী হ্যায় কাহাঁ’। গানের সঙ্গে প্রকাশিত মিউজিক ভিডিওটিতে সুরসম্রাজ্ঞীর সেই অন্তিম রেকর্ডিংয়ের স্মৃতিঘেরা বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে, যা দেখে আবেগপ্লুত হয়ে পড়েছেন কোটি কোটি সংগীতপ্রেমী।


‘ওম কা হরি’ চলচ্চিত্রের মূল অ্যালবামের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ গানটি অবমুক্ত করা হয়। পূর্ণাঙ্গ এই অ্যালবামটিতে আশা ভোঁসলে ছাড়াও গান গেয়েছেন অমিত কুমার, পরেশ পাহুজা এবং রঘু বীর যাদব। 


‘এ মেরি জিন্দেগি, তু ছুপী হ্যায় কাহাঁ’ গানটির সুরারোপ করেছেন রাজীব সারং এবং কথা লিখেছেন প্রদীপ শর্মা খসরু। আশার জাদুকরি ও প্রাঞ্জল কণ্ঠের ছোঁয়ায় পুরো গানজুড়ে ছড়িয়ে পড়েছে চিরায়ত পুরোনো দিনের এক মিষ্টি আবেগীয় অনুভূতি।


‘ওম কা হরি’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হরিষ ব্যাস। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোনি রাজদান এবং অংশুমান ঝা। 


এই কালজয়ী গানের শুভমুক্তির ঐতিহাসিক মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি পরিচালক হরিষ ব্যাস। এক বিশেষ বার্তায় তিনি বলেন, আশাজির জন্মদিনে এই গানটি প্রকাশ করতে পেরে অত্যন্ত বিশেষ অনুভূতি হচ্ছে। আমি নিজেকে ধন্য মনে করছি যে ‘ওম কা হরি’ চলচ্চিত্রটি তার অভাবনীয় সংগীতের উত্তরাধিকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যম হতে পেরেছে। আজ আমরা কেবল একটি গান প্রকাশ করছি না; বরং আমরা পূর্ণমর্যাদায় আশাজিকে স্মরণ ও উদযাপিত করছি।


আগামী ১৮ সেপ্টেম্বর সিনেমাটি ভারতজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 


এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে ৯২ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই সুরসম্রাজ্ঞী। সাত দশকেরও বেশি সময়জুড়ে দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ারে ১২ হাজারের ওপর গান রেকর্ড করে কোটি মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন গেড়ে নিয়েছেন আশা ভোঁসলে।

Comments 0

Your Comment