ফুসফুস ফুলে দ্বিগুণ হয়েছিল রাহুলের, রবিবারের শুটিংয়ের ফুটেজ উদ্ধার
16 hours ago
4.4 K
Views
0
like
share
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকে মুহ্যমান টলিপাড়া। আজ সোমবার অভিনেতার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। যেখানে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। কিছুক্ষণ নয়, বরং ঘণ্টাখানেক পানির তলে পড়ে ছিলেন অভিনেতা—এমনটাই বলছে প্রাথমিক রিপোর্ট। ময়নাতদন্তে উঠে এসেছে, পানিতে ডুবেই মৃত্যু হয়েছে রাহুলের। তার ফুসফুসের ভেতরে অস্বাভাবিক পরিমাণে পাওয়া গেছে বালি এবং নোনাজল। তার খাদ্যনালি, শ্বাসনালি, পাকস্থলীর ভেতরেও বালি ঢুকে গিয়েছিল। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গেছে বলে জানানো হয়েছে রিপোর্টে। অল্প সময় নয়, বরং দীর্ঘক্ষণ ধরে পানির তলায় ডুবে থাকলে এমন হয়, জানাচ্ছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। অভিনেতা পানির তলায় অন্তত ঘণ্টাখানেক ডুবে ছিলেন বলে খবর। এদিকে, উদ্ধার হয়েছে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ। সোমবার দুপুরে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার যে ক্যামেরায় রাহুলদের ধারাবাহিকের শুটিং চলছিল, সেটি তদন্তের জন্য নিয়ে নেওয়া হয়েছে। রাহুলের মৃত্যুর আগের কয়েকটি মুহূর্ত ধরা আছে সেই ক্যামেরাতেই, এমনই ধারণা অনেকের। অভিনেতার মৃত্যুর ঘটনা ঘিরে উঠছে নানা প্রশ্ন। রবিবার ঘটনাস্থলে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে নানা সম্ভাবনার কথা উঠে আসছে। উল্লেখ্য, ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন রাহুল। জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। পরে তার সঙ্গেই প্রেম ও বিয়ে। এ দম্পতির এক পুত্রসন্তান রয়েছে। সবশেষ গত বছর ‘অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ ছবিতে অভিনয় করেন রাহুল। শুধু অভিনেতা হিসেবে নয়, রাজনীতি থেকে শুরু করে সামাজিক— যেকোনো বিষয়ে নিজের মতামত প্রকাশ করতেন রাহুল। তাকে হারিয়ে স্মৃতির পাতায় প্রিয় অভিনেতাকে খুঁজে বেড়াচ্ছেন ভক্তরা।