blog-img
পাল্টে গেল সালমানের সিনেমার নাম, মুখ খুললেন পরিচালক
4 hours ago
2.6 K Views
0 comments
বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ব্যাটল অব গালওয়ান’-এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিনেমাটির নাম রাখা হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির পরিচালক অপূর্ব লাখিয়া। তিনি জানান, এটি কোনো রাতারাতি নেওয়া সিদ্ধান্ত ছিল না। তার মতে, শুরু থেকেই ‘ব্যাটল অব গালওয়ান’ এবং ‘মাতৃভূমি’—এই দুটি নাম নিবন্ধিত ছিল। সিনেমাটি নির্মাণের প্রক্রিয়ায় তারা উপলব্ধি করেছেন যে, এটি কেবল একটি যুদ্ধের গল্প নয়, বরং এর গভীরে রয়েছে মানবিকতা, সহমর্মিতা এবং সেনাদের মানসিক লড়াইয়ের প্রতিচ্ছবি। সিনেমার একটি জনপ্রিয় গানের নামও ‘মাতৃভূমি’ হওয়ায় এই শিরোনামটিই গল্পের আবেগের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেছেন নির্মাতারা। সোমবার সালমান খান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নতুন পোস্টার শেয়ার করে এই পরিবর্তনের কথা জানান। পোস্টারে দেখা গেছে, রক্তমাখা কাঠের গুঁড়ির আড়াল থেকে সালমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে ঘটে যাওয়া গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের বাস্তব ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে সালমান খান ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন, যিনি ওই সংঘর্ষে ভারতীয় সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন। সালমানের বিপরীতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিলাষ চৌধুরী ও অঙ্কুর ভাটিয়া। সিনেমাটি নিয়ে ইতোমধ্যে প্রতিবেশী দেশ চীনে সমালোচনার ঝড় উঠেছে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবো-তে নেটিজেনরা দাবি করেছেন যে, টিজারে বাস্তব ঘটনাকে বিকৃত করা হয়েছে। এমনকি চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোও একে উগ্র জাতীয়তাবাদের প্রচার হিসেবে আখ্যায়িত করেছে। তবে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিতর্ক থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চলচ্চিত্র নির্মাণের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখাশোনা করে এবং এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নেই। সিনেমাটি আগামী ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা পিছিয়ে আগস্ট মাসে নিয়ে যাওয়া হয়েছে।

Comments 0

Your Comment