আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান বিচারক মোশাররফ
13 hours ago
3.7 K
Views
0
like
share
দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন এক দায়িত্ব পেলেন তিনি। বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬’-এর প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন এই গুণী অভিনেতা।
নতুন এই দায়িত্ব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে মোশাররফ করিম বলেন, “বিচারক শব্দটা শুনতে যত সহজ মনে হয়, কাজটা কিন্তু মোটেও ততটা সহজ নয়। তবে আমি সব সময় যেকোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। বাভাসি সত্যিই অসাধারণ একটি প্ল্যাটফর্ম, যেখানে নতুনদের মেধা বিকাশের দারুণ সুযোগ রয়েছে। এত বছরের ক্যারিয়ারে বিচারক হিসেবে এটাই আমার প্রথম অভিজ্ঞতা। আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা।”
এবারের বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশ থেকে মোট ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে ৫২টি চলচ্চিত্র নির্বাচিত হয়। পরে জুরি বোর্ডের মূল্যায়নের মাধ্যমে ১৬টি চলচ্চিত্র দ্বিতীয় পর্বে জায়গা করে নেয়।
পর্যায়ক্রমে বিভিন্ন ধাপের মূল্যায়ন শেষে চূড়ান্ত পর্বের জন্য সাতটি চলচ্চিত্র নির্বাচিত হবে। উৎসবের সমাপনী আয়োজনে সেরা চিত্রনাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী, শিল্প নির্দেশক, চিত্রগ্রাহক, সম্পাদক, গীতিকার, আবহসংগীত ও রূপসজ্জাসহ বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে।
আয়োজকদের মতে, বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল উদ্দেশ্য হলো চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের নির্মাতা, শিল্পী ও সৃজনশীল কর্মীদের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করা। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে নতুন নির্মাতাদের কাজ তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে এই উৎসব।