আরও এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে
9 hours ago
2.8 K
Views
0
like
share
হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) আরও একটি চালান দেশে এসেছে। এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে এমটি নিনেমিয়া নামের একটি জাহাজ সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এটি বাংলাদেশে আসা ক্রুড অয়েলের তৃতীয় চালান। দেড় মাসেরও কম সময়ে তিনটি চালান আমদানি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন এ চালান যুক্ত হওয়ায় রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের কাঁচামালের মজুত আরও বৃদ্ধি পাবে। ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মো. মোস্তাফিজার রহমান জানান, এক লাখ টন ক্রুড অয়েলবাহী এমটি নিনেমিয়া বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। জাহাজ থেকে তেল খালাসের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য সংকট শুরুর আগে ১৮ ফেব্রুয়ারি সর্বশেষ একটি ক্রুড অয়েলের চালান দেশে এসেছিল। পরে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় আড়াই মাস মধ্যপ্রাচ্য থেকে ক্রুড অয়েল আমদানি বন্ধ থাকে। কাঁচামালের সংকটে গত ১২ এপ্রিল চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারির প্রধান ইউনিটের উৎপাদন কার্যক্রমও বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ৬ মে এমটি নিনেমিয়া জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল আমদানি করা হয়। মধ্যপ্রাচ্য সংকটের পর সেটিই ছিল প্রথম চালান। ওই চালানের কাঁচামাল ব্যবহার করে পুনরায় উৎপাদন শুরু করে ইস্টার্ন রিফাইনারি। এরপর ২২ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে এমটি ফসিল জাহাজে আরও এক লাখ টন ক্রুড অয়েল আমদানি করা হয়। সর্বশেষ বুধবার এমটি নিনেমিয়া আরও এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে পৌঁছেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীন ইস্টার্ন রিফাইনারি কাঁচামাল হিসেবে অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহার করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), পেট্রোল, কেরোসিন, ডিজেল, ফার্নেস অয়েল ও বিটুমিনসহ ১৩ ধরনের জ্বালানি ও উপজাত পণ্য উৎপাদন করে থাকে।