blog-img
হবিগঞ্জে কমছে বন্যার পানি, বাড়ি ফিরছেন দুর্গত মানুষ
1 month ago
4.8 K Views
0 comments
হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে। পানি নামতে থাকায় আশ্রয়কেন্দ্র ও স্বজনদের বাড়িতে আশ্রয় নেওয়া মানুষ নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে পানি কমলেও দুর্ভোগ কমেনি। রাস্তা-ঘাট, বসতঘর ও আঙিনায় কাদা জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বানভাসি মানুষ। জানা গেছে, টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে যায়। এরপর লস্করপুর, লামাতাসি ও পইল ইউনিয়নের অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়। এতে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েন। পানি কমতে শুরু করায় ধীরে ধীরে সড়ক, ফসলি জমি ও মাছের ঘের থেকে পানি নেমে যাচ্ছে। তবে বন্যার ক্ষয়ক্ষতির চিত্র এখন স্পষ্ট হয়ে উঠছে। সরেজমিনে দেখা গেছে, ফসলি জমির ধানের চারা নষ্ট হয়ে গেছে। বিভিন্ন সবজি ক্ষেতের চারাও পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছের ঘেরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। ক্ষতিগ্রস্তরা মাছের ঘেরের পাশে বসে হতাশায় সময় কাটাতে দেখা গেছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।

Comments 0

Your Comment