blog-img
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পড়ল খাদে
5 hours ago
3.2 K Views
0 comments
অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল ট্রেনের ধাক্কা খাওয়া মাইক্রোবাসের যাত্রীরা। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং লেভেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি আসার আগেই চালক ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেলওয়ে পুলিশ ও ট্রেনের যাত্রীরা জানান, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছাড়ার পর পাঘাচং রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এসময় পাঘাচং রেলওয়ে স্টেশনের পাশের লেভেল ক্রসিংটি অতিক্রম করছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস। কিন্তু মাইক্রোবাসটি কোনো কারণে রেললাইনে আটকে যায়। পরে চালক ও যাত্রীরা ট্রেন আসতে দেখে তারা নিরাপদ স্থানে চলে যায়। তবে মাইক্রোবাসটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে পাশের খাদে ছিটকে পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম। তিনি জানান, দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ সদস্যরা পৌঁছে মাইক্রোবাসটি উদ্ধারের কাজ শুরু করে। এ ঘটনায় ট্রেনের ক্ষতি হয়েছে কি না, তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাতে পারেননি। তবে এ ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে তিনি নিশ্চিত করেছেন।

Comments 0

Your Comment