বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ
8 hours ago
4.1 K
Views
0
like
share
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে নির্বাচনোত্তর সহিংসতায় এবার জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে যুবদল নেতা আলিমুজ্জামান রানার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই যুবদল নেতার টিনশেড বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আসবাবপত্র ও মালামালসহ টিনশেড বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। রাতেই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বিষ্ণুপুর ইউনিয়নে চরম উত্তেজনা বিরাজ করছে। বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলিমুজ্জামান রানা তার বাড়িতে অগ্নিসংযোগের জন্য প্রতিপক্ষ জামায়াতের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করে বলেন, এর আগে সংসদ নির্বাচনের পরদিন সকালে বিজয়ী জামায়াত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদের নেতাকর্মীরা আমার বাড়িসহ মাদ্রা গ্রামে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিরাজসহ বিএনপির নেতাকর্মীদের ১২টি বাড়িতে হামলা ও ভাঙচুর করে। রবিবার দিবাগত রাতে আমার বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় জামায়াত নেতাকর্মীদের স্থানীয় লোকজন দেখতে পেয়েছে। আগুনে আমার বসতঘরের আসবাবপত্র ও ১০ লাখ টাকার মালামালসহ টিনশেড বাড়িটি সম্পূর্ণ পুড়ে শেষ হয়ে গেছে। যুবদল নেতার বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে সকালে জেলা ও উপজেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনসহ বিএনপি নেতৃবৃন্দ এ ঘটনায় জামায়াত নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রায় যুবদল নেতা রানার বসতবাড়িতে আগুনের খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসসহ আমরা থানা পুলিশ ঘটনাস্থলে যাই। জড়িত দুর্বৃত্তদের আটকে পুলিশের অভিযান চলছে। তিনি আরও বলেন, এর আগে এই এলাকায় নির্বাচনোত্তর সহিংসতার ঘটনায় মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।