blog-img
প্রবাসীর মাছের প্রজেক্টে ভাঙচুর, বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
10 hours ago
4.2 K Views
0 comments

রাজবাড়ীর পাংশায় জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এক সিঙ্গাপুরপ্রবাসীর মাছের প্রজেক্টে ভাঙচুর ও লুটপাটের পর পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। 


মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মো. আসাদ মন্ডলের মাছের প্রজেক্টের পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এতে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা মূল্যের মাছ মারা গেছে বলে দাবি করেছেন আসাদ। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।


আসাদ মন্ডল বলেন, প্রায় ১৬-১৭ বছর সিঙ্গাপুরে শ্রম দিয়ে উপার্জন করা অর্থ দিয়ে তিনি এলাকায় মাছের প্রজেক্ট গড়ে তুলেছেন। সম্প্রতি যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন তিনি।


অভিযোগে আসাদ বলেন, মঙ্গলবার সকালে বহিরাগত লোকজন নিয়ে তার মাছের প্রজেক্টে প্রবেশ করে সীমানাপ্রাচীর ও তারকাঁটার বেড়া ভাঙচুর করা হয়। এ সময় পুকুরপাড়ের প্রায় ৫০টি কলাগাছ কেটে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে হামলাকারীরা চলে যাওয়ার সময় তাঁকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেন আসাদ। পরে রাতে কোনো একসময় পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে জানান তিনি।


আসাদের চাচাতো ভাই রফিক মন্ডল অভিযোগ করেন, যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল লোকজন নিয়ে অস্ত্রসহ তাঁর ভাইয়ের পুকুরে প্রবেশ করে ভাঙচুর চালান। পরে বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হয়। সকালে পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখা যায় বলে জানান তিনি।


আসাদের বাবা মোহাম্মদ আলী মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে কালাম তাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। বিভিন্ন সময় চাঁদা দাবি করা হয়েছে। তার দুই ছেলে প্রবাসে থাকেন। মঙ্গলবারও এসে চাঁদা দাবি করা হয়। এতে রাজি না হওয়ায় মাছ মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।


স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, ঘটনাটি যে বা যারাই ঘটিয়ে থাকুক, তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, পুকুরের চারপাশের তারকাঁটার বেড়া ও প্রাচীর ভাঙচুর করা হয়েছে। একই দিন রাতে ওই পুকুরের মাছ নিধন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।


তিনি আরও বলেন, ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Comments 0

Your Comment