blog-img
কুষ্টিয়ায় এক ঘণ্টায় কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ রোগী
10 hours ago
2.3 K Views
0 comments

কেউ যাচ্ছিলেন বাসায়, কেউবা ঘুরছিলেন রাস্তায়। এমন সময় একটি কুকুরের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৩৩ জন আহত হয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় সাড়ে ৭টা পর্যন্ত কুমারখালী শহরের হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী সার্জন প্রত্যয় বিশ্বাস জানান, সাড়ে ৭টা পর্যন্ত অন্তত ৩৩ জন হাসপাতালের এসেছিল। অনেকের বড় ধরণের ক্ষত দেখা গেছে। তাদের মধ্যে ২৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্যদের বৃহস্পতিবার (৮ অক্টোবর ) সকালে আসার পরামর্শ দেওয়া হয়েছে।


স্থানীয়রা জানায়, সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পথচারীদের কামড় দেয় একটি কুকুর। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কালো রঙের কুকুরটি শহরের আমতলা, হলবাজার, ইদ্রাক মোড় হয়ে সবশেষ নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকার হয়তাপাড়া দেখা গেছে।


রাতে হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যায়, কুকুরের কামড় বা আঁচড়ের ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে ধৌত করছেন কেউ। আবার কাউকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। জরুরি বিভাগের সামনে স্বজন ও রোগীদের উপচেপড়া ভিড়।


আহত মো. রোকনুজ্জামান জানান, তিনি কুমারখালী হলবাজার এলাকায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি কালো কুকুর এসে কামড় দিয়ে চলে যায়। তার পায়ে ক্ষত রয়েছে। চিকিৎসক তাকে ভ্যাকসিন দিয়েছেন। স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, সন্ধ্যায় হাসপাতালে এসে দেখি বিভিন্ন জায়গা থেকে কুকুরের কামড়ে আহত হয়ে রোগীরা আসছেন। দ্রুত কুকুরটি শনাক্ত করা না গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ার ফোনে বলেন, একটি কুকুরের কামড়ে আহত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কুকুরটিকে শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Comments 0

Your Comment