blog-img
পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু
5 hours ago
4.1 K Views
0 comments
পরীক্ষা শেষে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন কিশোর। তারা সবাই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সহপাঠী ছিলেন। রবিবার (৫ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতরা হলেন— জাফলং নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৫), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ ওরফে রাহুল (১৫) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে জাফলং চা-বাগান এলাকায় ঘুরতে যান। রাধানগর বাজারের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাহুল ও জয়কে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, নিহত তিন শিক্ষার্থীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments 0

Your Comment