blog-img
চার দাবিতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
15 hours ago
3.8 K Views
0 comments

ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার মালিক-শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা দাবি জানিয়েছেন অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। দাবিগুলো বাস্তবায়নের দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শত শত অটোরিকশাচালক। এতে ওই সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরের দিকে আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে রুট পারমিটের ব্যবস্থা করা, চালকদের প্রশিক্ষণের আওতায় আনা, ড্রাইভিং লাইসেন্স দেওয়া এবং গ্যারেজে ব্যাটারি চার্জ দেওয়ার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন বন্ধ করা।


অটোরিকশাচালকদের অভিযোগ, সড়কে অভিযানের নামে তাঁদের হয়রানি করা হচ্ছে। অটোরিকশা আটক করে ডাম্পিং করার পর মামলা ও অর্থ আদায়ের ঘটনাও ঘটছে। এসব হয়রানি বন্ধের পাশাপাশি যেসব সড়কে অটোরিকশা চলাচলের সুযোগ রয়েছে, সেখানে নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করার দাবি জানান তাঁরা। অবরোধে অংশ নেওয়া অটোরিকশাচালক সজীব অভিযোগ করেন, ট্রাফিক পুলিশ অটোরিকশাচালকদের হয়রানি ও অটোরিকশা ডাম্পিং করে। অটোরিকশা আটক করার পর ৫ হাজার টাকা করে মামলা দেওয়া হয়। এসব হয়রানি বন্ধের দাবি জানান তিনি। এদিকে অটোরিকশাচালকদের কর্মসূচির কারণে গতকাল সকাল থেকেই রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা কম দেখা গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) জাহিদুল ইসলাম বলেন, ‘অটোরিকশাচালকদের সমাবেশ থেকে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক ছিলাম।’


Comments 0

Your Comment