সৌদি আরবের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা দ্রুত মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। একই সঙ্গে মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার চেষ্টার নিন্দা জানিয়েছে তিন দেশ।
আজ সোমবার তিন দেশের কর্মকর্তাদের জরুরি বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তির একটি কমিটি বৈঠকে অংশ নেয়। কমিটি সামরিক বাহিনী ও প্রয়োজনীয় সক্ষমতা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি সৌদি আরবে এসব বাহিনী ও সক্ষমতা দ্রুত মোতায়েন নিশ্চিত করার কথাও জানিয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, সম্মিলিত প্রতিরক্ষার অঙ্গীকার বাস্তবে রূপ দিতে অবিলম্বে কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এর অংশ হিসেবে প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা সরবরাহ করা হবে। সৌদি আরবে সেগুলো দ্রুত মোতায়েনের ব্যবস্থাও নেওয়া হবে।
তিন দেশের মতে, এই পদক্ষেপের ফলে সামরিক প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় বাড়বে। একই সঙ্গে হুমকি মোকাবিলা ও প্রতিহত করার সম্মিলিত সক্ষমতাও শক্তিশালী হবে।
বৈঠকের পর মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার চেষ্টার নিন্দা জানিয়েছে তিন দেশ। সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকি প্রত্যাখ্যানের অবস্থানও পুনর্ব্যক্ত করেছে তারা।
বিবৃতিতে তিন পক্ষ আরও বলেছে, প্রতিটি দেশের নিরাপত্তা অন্য দুই দেশের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ, কোনো একটি দেশের নিরাপত্তাকে আলাদা করে দেখছে না তারা। তিন দেশের প্রত্যেকের নিরাপত্তাই তাদের সম্মিলিত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।