বিমানের ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালুর দাবি যুক্তরাজ্য প্রবাসীদের
1 month ago
2.9 K
Views
0
like
share
বিমানের ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালুর দাবি জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসীরা। প্রবাসীদের এই দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ড. খলিলুর রহমানের কাছে তুলে ধরেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির। দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সাবেক সহ-সভাপতি এম এ সাত্তার, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক টিপু আহমেদ, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শামীম চৌধুরী এবং ফরেন অ্যাফেয়ার্স সাব কমিটির সদস্য জাহরাত আদিব চৌধুরী। বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের প্রাণের দাবি বিমানের ‘ম্যানচেস্টার-সিলেট-ঢাকা’ ফ্লাইট পুনরায় চালু করার জন্য উপদেষ্টার কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। প্রবাসীদের এই যৌক্তিক দাবি বাস্তবায়নে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে উপদেষ্টাকে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।