blog-img
কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
3 hours ago
3.7 K Views
0 comments
কানাডার টরন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত ২১ বছর বয়সী আহনাফ আবরার মোরশেদ (ওয়ামিক) নামক এক যুবক নিহত হয়েছেন। নিহত ওয়ামিকের বাবার নাম মোর্শেদুর রহমান মামুন। টরন্টো পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার ৫ এপ্রিল, বিকেল ৩টা ৫ মিনিটের দিকে ওয়ামিক তার মোটরসাইকেল চালিয়ে ড্যানফোর্থ অ্যাভিনিউ দিয়ে পশ্চিমমুখী যাচ্ছিলেন। ঠিক সেইসময় বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা হাইল্যান্ডার এসইউভি সড়কের পাশের একটি প্লাজায় প্রবেশের জন্য বাম দিকে মোড় নেওয়ার চেষ্টা করে। সেই মুহূর্তেই মোটরসাইকেলটির সঙ্গে এসইউভিটির সংঘর্ষ হয়। সংঘর্ষের আঘাতে ওয়ামিক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর তিনি রাস্তার পাশে পার্ক করে রাখা একটি গাড়িতে সজোরে আছড়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, পুরো ঘটনাটি ছিল অত্যন্ত আকস্মিক ও ভয়াবহ। দুর্ঘটনার পরপরই জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। টরন্টো প্যারামেডিকস আশঙ্কাজনক অবস্থায় ওয়ামিককে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টরন্টো পুলিশের ইন্সপেক্টর এরল ওয়াটসন সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে অতিরিক্ত গতি, চালকের ভুল সিদ্ধান্ত নাকি অন্য কোনো পরিস্থিতিগত কারণ এ দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছে। টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে ওয়ামিক এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

Comments 0

Your Comment