blog-img
মোস্তাকুর রহমান নতুন গভর্নর
11 hours ago
4.8 K Views
0 comments
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে গতকাল পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। একই দিনে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. মোস্তাকুর রহমানকে। গতকাল সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মাঝে সরকার এ সিদ্ধান্ত নেয়। নতুন গভর্নরের আগামী রবিবার দায়িত্ব নেওয়ার কথা। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হলো। গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বাংলাদেশ ব্যাংক থেকেই বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে। মোস্তাকুর রহমান একজন পেশাদার হিসাববিদ। ১৯৬৬ সালে ঢাকায় তাঁর জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পরে তিনি আইসিএমএবি থেকে হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রি এফসিএমএ লাভ করেন। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে আর্থিক খাতে সুশাসন নিয়ে কাজ করছেন। বিশেষ করে করপোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজের অভিজ্ঞতা আছে তাঁর। তিনি তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হেরা সোয়েটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বাংলাদেশ ব্যাংকসংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। তৈরি পোশাক খাতের পাশাপাশি তিনি আবাসন ও ভ্রমণসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। এর আগে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Comments 0

Your Comment