blog-img
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর উপনেতা তাহের চিফ হুইপ নাহিদ
17 hours ago
4.5 K Views
0 comments
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা মনোনীত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উপনেতা হয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিরোধীদলীয় চিফ হুইপ মনোনীত হয়েছেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল দুপুর ১২টা ২৩ মিনিটে জামায়াতের নবনির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে দুপুর ১২টা ২৭ মিনিটে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান হয়। জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের পৃথকভাবে এ দুই শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দুপুর ১টার দিকে শপথ নেন এনসিপির নির্বাচিত প্রার্থীরা। শপথের পর জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে ১১-দলীয় ঐক্যের সংসদ সদস্যরা সভায় অংশ নেন। ওই সভা থেকেই বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ মনোনীত করা হয় বলে জানান জুবায়ের। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, কুমিল্লা-১১ আসন থেকে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ঢাকা-১১ আসন থেকে নাহিদ ইসলাম এমপি হিসেবে নির্বাচিত হন।

Comments 0

Your Comment