পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গত চার বছরে ৫৪৮টি দুর্ঘটনা ঘটেছে। মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত অংশে সংঘটিত এসব দুর্ঘটনায় অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮৭৪ জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাম্প্রতিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তৈরি করা এক পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে চলতি বছরের ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওই অংশজুড়ে দুর্ঘটনাগুলো ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা পেশাদারত্বের সঙ্গে দুর্ঘটনাকবলিত স্থান থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় এবং নিহতদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ ক্রমশ বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও আশঙ্কাজনকভাবে বেড়েছে। মূলত অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং দুর্ঘনার সংখ্যা বাড়িয়েছে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে চালক ও পথচারীদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এক্সপ্রেসওয়েটিতে দুর্ঘটনা এড়াতে চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেকিং ও বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। সড়কের নির্দিষ্ট নির্দেশিকা ও ট্রাফিক সিগন্যাল মেনে সঠিক গতিসীমার মধ্যে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং কঠোরভাবে ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা ও প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
দুই প্রবাসীসহ তিন যুবকের মৃত্যু : এদিকে ভাঙ্গা প্রতিনিধি জানায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সৌদি প্রবাসীসহ তিন যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরকান্দা উপজেলার চয়ন মোল্লা (২৩), সিয়াম মোল্লা (২৩) ও নয়ন হোসেন (২১)। চয়ন ও সিয়াম সৌদিপ্রবাসী ছিলেন।
চয়ন ঈদুল আজহায় আর সিয়াম ২০ দিন আগে দেশে এসেছিলেন। নয়ন স্থানীয় একটি কুরিয়ার কোম্পানিতে কর্মরত ছিলেন।