blog-img
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
4 hours ago
3.6 K Views
0 comments

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন। বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়।


পুনঃনিরীক্ষণের এই ফলাফলে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। এছাড়া এবার সব শিক্ষা বোর্ড মিলিয়ে মোট রেকর্ড ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন কর্মকর্তা। তিনি জানান, পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা সকাল ১০টার পর থেকে ওয়েবসাইটে তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে পারছে। পাশাপাশি পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠিয়ে দেওয়া হবে।


তবে ঠিক কত শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তা জানাননি তিনি। ওই কর্মকর্তা বলেন, ‌শিগগির ফল পুনঃনিরীক্ষণের ফলাফলের সারসংক্ষেপ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।


এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য ৪ লাখের বেশি পরীক্ষার্থী প্রায় ১৩ লাখ আবেদন করেছে। এর মধ্যে ১০ লাখ ৫৬ হাজারের বেশি আবেদন পড়েছে লিখিত (তত্ত্বীয়) পরীক্ষার উত্তরপত্রের জন্য। আর ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য আবেদন পড়েছে ২ লাখ ৩১ হাজারের বেশি।


পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফলাফল তিন পদ্ধতিতে জানা যাচ্ছে। প্রথমত, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে। দ্বিতীয়ত, আবেদনকারীর দেওয়া মুঠোফোন নম্বরে এসএমএস পাঠানো হবে। এ ছাড়া https://rescrutiny.eduboardresults.gov.bd থেকেও ফল সংগ্রহ করা যাবে।

Comments 0

Your Comment