৬ বলে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ইংলিশ পেসার
7 hours ago
4.3 K
Views
0
like
share
টানা চার বলে চার উইকেট নিলেই তাকে ডাবল হ্যাটট্রিক বলা হয়। ক্রিকেটে এমন ঘটনা বিরল। খুব কম বোলারই সেটি করে দেখাতে পেরেছেন। তবে ইংল্যান্ডের পেসার মাইলস ডেভিস যা দেখালেন, সেটি রীতিমত অবিশ্বাস্য! টানা ছয় বলে ছয় উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন ডেভিস। গত শনিবার পেনক্রিজ ক্রিকেট ক্লাব এবং পেলসাল ক্রিকেট ক্লাবের ম্যাচে এই নজির গড়েছেন তিনি। ইংল্যান্ডের দক্ষিণ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল। প্রথমে ব্যাট করে ৪৫.৩ ওভারে পেনক্রিজ করে ১৬৮ রান। জবাবে ১২.৫ ওভারে ৫২ রানে শেষ হয়ে যায় পেলসালের ইনিংস। ডেভিসের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি পেলসালের ব্যাটারেরা। ১৬ রানে ৭ উইকেট নেন তিনি। তার মধ্যে টানা ছয় বলে ছয় উইকেট নিয়ে করেছেন জোড়া হ্যাটট্রিক। ৮ ওভারের পর পেলসালের রান ছিল ২ উইকেটে ৪৯। নবম ওভারে বল করতে আসেন ডেভিস। তার আগে পেলসালের ইনিংসের তৃতীয় ওভারে একটি উইকেট নেন তিনি। নিজের পঞ্চম ওভারের প্রথম বলটি ‘ওয়াইড’ করেন। ওই ওভারের পঞ্চম এবং ষষ্ঠ বলে দুই ব্যাটার পিটার স্টিভেন্স এবং এহসান আকবরকে বোল্ড করে দেন। হ্যাটট্রিকের সুযোগ থাকায় ১১তম ওভারে আবার ডেভিসকে বল দেন পেনক্রিজের অধিনায়ক জ্যাক পোপ। তার এই সিদ্ধান্তেই তৈরি হয়েছে বিরল নজির। নিজের ষষ্ঠ ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন ডেভিস। লেগ স্টাম্পে করা তার বল ব্যাটার অ্যালেক্স জোন্সের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের গ্লাভসে জমা পড়ে। ততক্ষণে প্রতিপক্ষ শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন তিনি। পরের তিনটি বলেই তিনি একে একে বোল্ড করেন প্রতিপক্ষ অধিনায়ক ড্যানিয়েল পেন্নেল, টম রাইট এবং জেমি হলমেসকে। পূর্ণ করেন জোড়া হ্যাটট্রিক।